প্রেমের ফাঁদে ফেলে তরুণ অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৭

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্, নভম্বর ৪, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (৩ নভেম্বর) সকালে হাজারীবাগ থানার বড়বাজার এলাকার একটি পার্লারে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। অপহৃত তরুণকে সেখান থেকেই উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্ময় হাসান জামিল (২২), মো. রমজান (১৯) ও আরাফ আহমেদ শাফি (২৪)।

ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, তার ছেলের এক সময়ের সহপাঠী ইয়াসমিনের পরিকল্পনায় এ অপহরণের ঘটনা ঘটে। মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে থেকে তরুণটিকে অপহরণ করে হাজারীবাগের বউবাজার এলাকায় আটকে রাখা হয়।

প্রথমে অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে, পরে টাকা না দিলে মারধর ও হত্যার হুমকি দেয়।

জাহাঙ্গীর আলম আরও জানান, অপহরণকারীরা তার বড় ছেলেকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা নিতে বাধ্য করে। পরবর্তীতে তারা আরও টাকা দাবি করে। বিষয়টি টের পেয়ে পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় অভিযোগ করা হয়।

Nagad

অভিযোগের পর দ্রুত অভিযান চালিয়ে মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা পুলিশ যৌথভাবে বউবাজার এলাকার একটি ভবন থেকে তরুণটিকে উদ্ধার করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।

ওসি কাজী রফিক আহমেদ বলেন, প্রেমের ফাঁদে ফেলে কৌশলে মোহাম্মদপুর থেকে এক তরুণকে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।