আগামী সপ্তাহে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি, ক্যাডার পদ থাকছে ১,৭০০
প্রতীক্ষিত ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, বিজ্ঞপ্তিটি আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। এতে ক্যাডার পদ থাকবে এক হাজার ৭০০-এর বেশি, আর নন-ক্যাডার পদ প্রায় এক হাজার। সবমিলিয়ে প্রায় তিন হাজার পদে নিয়োগ দেওয়া হবে এই বিসিএসের মাধ্যমে।
বুধবার (৫ নভেম্বর) পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশনের কর্মকর্তারা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রায় ২ হাজার ৮০০ পদের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে ক্যাডার পদ ১ হাজার ৭০০-এর বেশি, বাকি নন-ক্যাডার পদ প্রায় এক হাজার, যা আরও বাড়তে পারে।
পিএসসির ক্যাডার শাখার কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া হলেও তা সম্ভব হয়নি। এখন লক্ষ্য রাখা হয়েছে আগামী সপ্তাহ, অর্থাৎ ১৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
এদিকে, আবেদন ফি, বয়সসীমা ও মৌখিক পরীক্ষার নম্বর কাঠামোয় পরিবর্তন এনেছে পিএসসি। গত ১১ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ প্রার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে।
সবশেষ ৪৭তম সাধারণ বিসিএসে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন আবেদন করেছিলেন। সেই সময় ক্যাডার পদ ছিল ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি।

