রিজভীর পা ধরে সালাম, ট্রাফিক সার্জেন্ট আরিফুলকে প্রত্যাহার
বিএনপিনেতা রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করার ভিডিও ভাইরাল হওয়ার পর ট্রাফিক সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়। ছবি : ভাইরাল ভিডিওর স্ক্রিনশট
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করার ভিডিও ভাইরাল হওয়ার পর ট্রাফিক সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা সার্জেন্ট আরিফুল ইসলাম মিরপুর এলাকায় দায়িত্বপালনের সময় রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার পা ধরে সালাম জানান। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এরপর ডিএমপি ট্রাফিক মিরপুর বিভাগের জেলা প্রশাসক (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাসের স্বাক্ষরিত অফিস আদেশে সার্জেন্ট আরিফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে প্রশাসনিক কারণে তাৎক্ষণিকভাবে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে সার্জেন্ট আরিফুল তার নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের সময় ঘটনাটি ঘটে।
এদিকে, সম্প্রতি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, কোনো পুলিশ কর্মকর্তার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করা উচিত নয়। পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
এই ঘটনায় পুলিশ বাহিনীর অভ্যন্তরে বিষয়টি নিয়ে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। সূত্র: ইউএনবি

