প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য সুখবর, বেতন গ্রেড উন্নীত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৩৩ অপরাহন, নভম্বর ১১, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য এসেছে বড় সুখবর। দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১তম থেকে উন্নীত করে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১০ নভেম্বর) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়েছে।

অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির ভিত্তিতে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, প্রধান শিক্ষকদের বেতন হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (১০ম গ্রেড), যা আগে ছিল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা (১১তম গ্রেড)। পদগুলো ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী পূরণযোগ্য থাকবে।

অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, পদোন্নীত বেতন গ্রেড কার্যকর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের স্মারক এবং ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ২৮ জুলাইয়ের শর্তাবলি প্রতিপালন করতে হবে।

এই সিদ্ধান্তের মাধ্যমে প্রাথমিক শিক্ষা খাতে প্রধান শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি পেল। সাম্প্রতিক মাসগুলোতে শিক্ষকদের বেতন উন্নয়নের দাবিতে আন্দোলনের পর এ সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Nagad