সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:১৭ অপরাহন, নভম্বর ১৬, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতেই নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে।

রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হবো। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালন জরুরি।

রোববার সকাল ও বিকেলে দুই পর্বে মোট ১২টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানায় ইসি। সকালে অংশ নেয়-গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।

সংলাপের শুরুতেই জটিলতা সৃষ্টি হয় ইসলামী ঐক্যজোটের দুই গ্রুপের উপস্থিতিতে। আমন্ত্রণপত্র যাচাই করে অপর গ্রুপকে সংলাপ কক্ষ ত্যাগ করতে নির্দেশ দেন ইসি সচিব।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী সংলাপে বলেন, গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়—এ বিষয়ে ইসি ও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

Nagad

অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে না চাওয়ার কথা জানিয়ে বিভিন্ন দলের প্রতিনিধিরা বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আদালতের হস্তক্ষেপ কাম্য নয়, কারণ এটি নির্বাচনকে জটিল করে তুলছে।

বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াতসহ মোট ৫৩টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।