শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতে আবার চিঠি দেবে সরকার: আইন উপদেষ্টা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারের কাছে আবার চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রায়ে তিনি সন্তুষ্ট হলেও বিস্মিত নন।
উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাসসহ অন্যদের বিদেহী আত্মা রায়ের মাধ্যমে কিছুটা হলেও শান্তি পাবে। শোকসন্তপ্ত পরিবারগুলোও সামান্য সান্ত্বনা খুঁজে পাবে বলে আশা করেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে জোরালো ও বিস্তৃত প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, তা যে কোনো আদালতেই সর্বোচ্চ শাস্তি পাওয়ার যথেষ্ট ভিত্তি।
ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ভারত যদি এ গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তবে তা বাংলাদেশ ও এ দেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা হিসেবে বিবেচিত হবে।’
তিনি আরও বলেন, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকার পূর্ণ গতিতে এ প্রক্রিয়া চালিয়ে যাবে।

