একদিকে রায়, অন্যদিকে মবক্রেসি-কিসের আলামত জানি না: মির্জা ফখরুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১৫ অপরাহন, নভম্বর ১৯, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার’ বিরুদ্ধে রায় ঘোষণার সময়ই উদ্দেশ্যমূলকভাবে মবক্রেসি বা সহিংসতার পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ‘এটা কিসের আলামত জানি না।’

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি বিশেষ মহল ভিন্ন দিকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি গণতান্ত্রিক দল উল্লেখ করে তিনি বলেন, দলটি সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে এসেছে। দেশের মানুষও দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে।

তিনি আরও বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রের পথে যেতে না দিতে হলে গণতন্ত্রে ফেরার বিকল্প নেই। এজন্য বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, কার্যকর পার্লামেন্ট, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা জরুরি। গণতন্ত্রে বিশ্বাসী সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংস্কার নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বহু বছর ধরেই ১০, ২৭ ও ৩১ দফার মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে। এখন একটি মহল এসব সংস্কারকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

Nagad

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, ড. ওসমান ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।