মোবাইল ফোন দোকান বন্ধের খবর ভিত্তিহীন: এমআইওবি

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৪২ অপরাহন, নভম্বর ১৯, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ করে দেওয়া হবে’-এমন তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে আখ্যায়িত করেছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি)। বুধবার (১৯ নভেম্বর) সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে-সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই ঘোষণা দিয়েছে।

এর পরেই-মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করছেন। বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ গ্রাহকদের সেবা নিশ্চিত করতে সারাদেশের সব মোবাইল ফোনের দোকান যথারীতি খোলা রয়েছে এবং খোলা থাকবে। দোকান বন্ধের বিষয়ে সরকারের কোনো নির্দেশনা, পরিকল্পনা বা সিদ্ধান্ত নেই।

এমআইওবি অভিযোগ করে জানায়, কিছু মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা সুস্পষ্ট অপপ্রচার। তারা বলেন, বৈধ ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ন ও বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব গুজব ছড়ানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের উদ্দেশে সংগঠনটির আহ্বান-গুজবের বিষয়ে সতর্ক থাকা এবং কোনো ধরনের ভুল খবর বা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করা। পাশাপাশি দেশের বৈধ ব্যবসা, রাজস্ব আইন ও প্রযুক্তি খাতের উন্নয়নে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এমআইওবি বাংলাদেশ সরকারের অনুমোদিত ১৩টি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিবন্ধিত সংগঠন, যারা দীর্ঘদিন ধরে খাতটির উন্নয়ন ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

Nagad