লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবীরা কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
লটারির মাধ্যমে জেলা পুলিশ সুপার (এসপি) নিয়োগে কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, আমদানিকারকদের চাপ থাকা সত্ত্বেও কৃষকের স্বার্থে সরকার পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্তে অটল রয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। পুরোপুরি বন্ধ না হলেও কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে। সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি, তবে কমানোর চেষ্টা অব্যাহত আছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি-এই তিন ক্যাটাগরিতে ভাগ করে এসপি নিয়োগ দেওয়া হয়েছে। আগের ১৮ জন এসপিকে রাখার পর বাকি পদগুলোতে লটারির মাধ্যমে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
তিনি বলেন, লটারির প্রক্রিয়ায় কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েননি। একই পদ্ধতিতে শিগগিরই ওসিদেরও বিভিন্ন জেলায় পদায়ন করা হবে।
পেঁয়াজ আমদানির চাপ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমদানিকারকদের চাপ থাকলেও কৃষকদের স্বার্থেই এখনই পেঁয়াজ আমদানি করা হচ্ছে না। তিনি জানান, আলুর দাম কমে যাওয়ায় কৃষকদের কিছুটা ক্ষতি হলেও বড় কোনো বিপর্যয় না হলে এবার আমন মৌসুমে বাম্পার ফলনের আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। গ্যাসের দাম বাড়লেও সারের দামে এর প্রভাব পড়বে না।
কৃষি খাতে নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, নিয়োগ চলছে, তবে কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

