এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও শক্তিশালী হয়ে উত্তরের দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি–৫ এ এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে শ্রীলংকা উপকূল সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে। শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে এক হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে এক হাজার ৮৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৮৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল এটি। ঘূর্ণিঝড়টি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।