খুলনায় আদালতের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৮ অপরাহন, নভম্বর ৩০, ২০২৫

খুলনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কুপিয়ে ও গুলি করে দুই আসামিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফজলে রাব্বি রাজন (৩৫) ও হাসিব (৩১)।

পুলিশ জানায়, একটি অস্ত্র মামলার হাজিরা দিতে আদালতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার পরই ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। চাপাতির আঘাতে রাজন মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এরপর হাসিবকেও গুলি করা হয়।

গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজন মারা যান। পরে হাসিবকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জরুরি বিভাগের চিকিৎসক শামীম হাসান জানান, নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, হত্যাকারীদের শনাক্তে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।