মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভিতে শনাক্ত দুই দুর্বৃত্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০১ অপরাহন, december ১, ২০২৫

সংগৃহীত ছবি

মানিকগঞ্জ শহরের মানড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রোববার (৩০ নভেম্বর) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের অংশ বিশেষ পুড়ে কালো হয়ে গেছে।

পুলিশ জানায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে দুজন ব্যক্তি আগে থেকেই প্রস্তুত করা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

জুলাই আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী বলেন, এ সময় স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া এবং বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলার ঘটনা প্রশাসনের দুর্বলতার প্রমাণ। তাদের অভিযোগ, সম্প্রতি বিভিন্ন এলাকায়ও অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।