কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির ১০ সেনা কর্মকর্তা
গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হওয়া ১০ সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনাল-১ এ আনা হয়।
ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ বিষয়ে শুনানি ও আদেশ দেবেন। অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই সেল)–এ গুম করে রাখার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনীত আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের শুনানিও আজ হতে পারে। গত ২৩ নভেম্বর এ তারিখ ঠিক করেন আদালত।
মানবতাবিরোধী অপরাধের এই মামলার পাঁচটি অভিযোগের মধ্যে টিএফআই সেলে গুমের ঘটনাগুলোকে গুরুতর বলে উল্লেখ করেছে রাষ্ট্রপক্ষ।
কারাগারে থাকা সেনা কর্মকর্তারা হলেন-কর্নেল এ কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লে. কর্নেল মো. মশিউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, লে. কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, লে. কর্নেল মো. সারওয়ার বিন কাশেম এবং লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।
গুম ও খুনের অভিযোগে আরেক মামলায় থাকা তিন সেনা কর্মকর্তার সঙ্গে এই ১০ সেনা কর্মকর্তাকে গত ২২ অক্টোবর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সরকার ঘোষিত ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগারে তাদের রাখা হয়।
এর আগে ৮ অক্টোবর ট্রাইব্যুনালে গুম-খুনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
টিএফআই সেলে গুমের একটি ঘটনায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে বলে আদালত সূত্র জানায়।

