পরিস্থিতি বিবেচনায় তফসিল ঘোষণার আহ্বান নাহিদ ইসলামের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

রাজনৈতিক পরিস্থিতি ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বিবেচনায় উপযুক্ত সময়ে জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে সদ্য নিবন্ধন পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের সার্টিফিকেট গ্রহণ করেছে। তিনি দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের স্বল্প সময়ে নিবন্ধনের শর্ত পূরণের জন্য ধন্যবাদ জানান।

তিনি জানান, ‘শাপলাকলি’ প্রতীক বরাদ্দ পেয়েছে এনসিপি এবং এই প্রতীকেই তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে। নাহিদ বলেন, ‘শাপলাকলি গ্রাম-বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই।’

আরপিও সংশোধন করে সব দলকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি করায় নির্বাচন কমিশনকে সাধুবাদ জানায় এনসিপি। নাহিদ ইসলাম বলেন, জোট করলেও প্রতীক আলাদা হওয়া উচিত। কিন্তু একটি দল সরকার ও ইসির ওপর চাপ সৃষ্টি করে এই আইন বাতিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য নির্বাচন কমিশন যেন যথাযথভাবে যাচাই-বাছাই করে সে দাবি জানায় এনসিপি। পাশাপাশি নির্বাচনে কালো টাকা ব্যয় রোধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান করেন নাহিদ ইসলাম।

তার ভাষায়, ‘নির্বাচনের সময়ে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় রোধে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দলগুলোর মতো এনসিপিরও উদ্বেগ রয়েছে। বিশেষ করে ডিসি-এসপি বদলিতে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

Nagad

বর্তমান সরকার প্রস্তাবিত গণভোট পদ্ধতি নিয়েও ইসির সঙ্গে আলোচনা হয়। নাহিদ জানান, গণভোটের প্রশ্ন, উত্তর ও প্রক্রিয়া জনগণের কাছে স্পষ্টভাবে প্রচার করা প্রয়োজন।

তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন সময়সীমা জানায়নি বলে জানান নাহিদ ইসলাম। তবে ইসির পক্ষ থেকে আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণার ইঙ্গিত দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শিগগিরই তফসিল ঘোষণা করা উচিত।

ইসির গঠনে পুরনো আইন প্রয়োগ করা হয়েছে-এ অভিযোগও পুনর্ব্যক্ত করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা এখনও আছে। আমাদের হাতে প্রমাণ আছে, যা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।’