পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি, পরস্পরকে দোষারোপ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্, december ৬, ২০২৫

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে আফগান পক্ষের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এএফপির ফাইল ছবি

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতের এ ঘটনায় দুই দেশই একে অপরকে ‘বিনা উসকানিতে’ সংঘাত শুরুর জন্য দোষারোপ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায়ই এমন প্রাণঘাতী সংঘাতের খবর মিলছে, যদিও গত অক্টোবরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। খবর-এএফপি।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার ও স্পিন বুলডক এলাকায় হামলা চালায় এবং আফগান ইসলামিক আমিরাতের বাহিনী পাল্টা জবাব দেয়।

অপরদিকে পাকিস্তানের দাবি-আফগানিস্তানই প্রথমে ‘বিনা উসকানিতে হামলা’ চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জায়িদি বলেন, সীমান্ত এলাকায় আফগান বাহিনীর হামলার জবাবে পাকিস্তানের সেনারা ‘ব্যাপক ও সমুচিত প্রতিক্রিয়া’ দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এএফপি জানায়, গোলাগুলি শুরু হয় রাত সাড়ে ১০টার দিকে এবং প্রায় দুই ঘণ্টা ধরে চলে। আফগানিস্তানের কান্দাহার তথ্য বিভাগের প্রধান আলি মোহাম্মদ হাকমাল জানান, পাকিস্তানি বাহিনীর কামান ও মর্টার হামলায় কিছু বেসামরিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের চামান সীমান্ত এলাকা থেকেও গোলাবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২০২১ সালে তালেবান কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়তে থাকে। গত অক্টোবরে সীমান্ত সংঘাতে ৭০ জনের বেশি নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।

Nagad