নিয়ন্ত্রণে আসেনি জটিলতা, নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্, december ৮, ২০২৫

ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তিনি এখনও পূর্বের অবস্থাতেই রয়েছেন এবং চিকিৎসকেরা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুস—এই চারটি প্রধান জটিলতা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এসব জটিলতা স্থিতিশীল না থাকায় তার অবস্থার তেমন উন্নতি দেখা যাচ্ছে না। এ কারণে চিকিৎসকেরা প্রতিটি বিষয়ই বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন।

এরই মধ্যে লন্ডন থেকে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান চিকিৎসা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তিনি ঢাকায় আসার পর থেকে প্রতিদিনই হাসপাতালে গিয়ে শাশুড়ির চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে বিস্তারিত আলোচনা করছেন।

সূত্র আরও জানায়, গত শনিবার ও রোববার খালেদা জিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ সোমবার মেডিকেল বোর্ডের সদস্যরা এসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নির্ধারণ করবেন।

এরই মধ্যে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া কয়েক দফা পেছানো হয়েছে। দীর্ঘ আকাশপথে ভ্রমণের ঝুঁকি বিবেচনায় চিকিৎসকেরা বিদেশযাত্রা আরও দুই দিন স্থগিত করেছেন। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণের পরই বিদেশে পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থায় নতুন কোনো ইতিবাচক বা নেতিবাচক পরিবর্তন নেই।

এর আগে বিএনপির পক্ষ থেকে প্রথমে ৫ ডিসেম্বর এবং পরে ৭ ডিসেম্বর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সম্ভাব্য তারিখ জানানো হয়। গত শনিবার দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে; তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তিনি দীর্ঘ যাত্রার ধকল নিতে শারীরিকভাবে প্রস্তুত কি না।

Nagad

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ম্যাডামের চিকিৎসা চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নিয়মিত হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সাথে আলোচনা করছেন এবং নিবিড়ভাবে চিকিৎসার অগ্রগতি তদারকি করছেন।”

তিনি আরও বলেন, “অতীতেও নানা বাধা সত্ত্বেও মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখনো তারা দিনরাত পরিশ্রম করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কোনো গুজবে কান না দিয়ে ম্যাডামের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।”