এআইইউবি গেমস ২০২৫ উদ্বোধন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-তে ‘এআইইউবি গেমস ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে গেমসের উদ্বোধন করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া আনোয়ার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস, সক্রিয় অংশগ্রহণ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, এ ধরনের ক্রীড়া উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ ও নৈতিক মূল্যবোধের বিকাশে সহায়ক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান, অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
এবারের আয়োজনে ইনডোর ও আউটডোর মিলিয়ে মোট ১১টি প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্টে বিভিন্ন অনুষদের প্রায় ৩,০০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অফিস অব স্পোর্টস-এর উদ্যোগে এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর সহযোগিতায় আয়োজিত এআইইউবি গেমস ২০২৫ শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত মনোভাব ও পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।