আসিফ ও মাহফুজের দপ্তর পেলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগের পর তাদের দপ্তর পুনর্বন্টন করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হলে মন্ত্রিপরিষদ বিভাগ তা গেজেট আকারে প্রকাশ করে।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী-সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ড. আসিফ নজরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আদিলুর রহমান খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে-ড. আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকছেন। আদিলুর রহমান খান একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকছেন।
প্রধান উপদেষ্টার অধীনে থাকা মন্ত্রণালয়গুলো হলো-মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।