হাদির ওপর হামলা কারা করেছে, জানালেন আইজিপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় দেশজুড়ে ‘অলআউট’ অভিযান শুরু করেছে পুলিশ। হামলাটি আসন্ন জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান আইজিপি।
তিনি বলেন, “টা তারাই করেছে, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা চায় নির্বাচন না হোক। আমরা বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি দেখছি।
হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আপাতত বিস্তারিত জানানো হচ্ছে না উল্লেখ করে আইজিপি বলেন, তদন্ত চলছে এবং পুলিশ ব্যর্থ হবে না।
আইজিপি মো. বাহারুল আলম আরও বলেন, একটি যুদ্ধ চলছে-কারা হামলা করেছে এবং কারা এর পেছনে রয়েছে, তা বের করার। আমরা সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সম্মিলিতভাবে অলআউট অভিযানে যাচ্ছি। শুক্রবার রাত থেকেই সারাদেশে এই অভিযান শুরু হয়েছে।
হামলার ফলে রাজনীতি বা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন নির্বাচনে প্রার্থী ও সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, যাদের আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকি মূল্যায়ন করে প্রার্থীদের সতর্ক করা হবে। প্রয়োজন অনুযায়ী সশস্ত্র প্রহরীও দেওয়া হবে। কোথায় যাওয়া নিরাপদ নয়-সে বিষয়েও সংশ্লিষ্টদের আগাম অবহিত করা হবে।

