এমপি প্রার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ তুলে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “প্রার্থীদের নিরাপত্তায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা প্রাইম সাসপেক্টকে খুঁজছি। আশা করছি, শিগগিরই তাকে ধরতে পারব। এ ক্ষেত্রে আমরা জনগণের সহযোগিতা চাইছি।” তিনি আরও বলেন, “এখনো ঘটনার ২৪ ঘণ্টা পার হয়নি। খুব দ্রুত হত্যাচেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
ডিএমপি কমিশনার জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে তদন্তের স্বার্থে আপাতত তার পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

