ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে বাজেয়াপ্ত হবে প্রার্থীর জামানত, ইসির পরিপত্র

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৭ অপরাহন, december ১৩, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে ব্যর্থ হলে তার জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্র-২ এ এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে। এ অর্থ নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে নির্বাচন কমিশনের অনুকূলে জমা দেওয়া যাবে। একই নির্বাচনি এলাকায় একাধিক মনোনয়নপত্র দাখিল করলে একটি জামানতই যথেষ্ট হবে। সেক্ষেত্রে অন্য মনোনয়নপত্রের সঙ্গে চালানের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।

জামানতের অর্থ বাংলাদেশ ব্যাংক, যে কোনো তফসিলি ব্যাংক বা সরকারি ট্রেজারি ও সাব-ট্রেজারিতে নির্ধারিত কোড নম্বরে জমা দিতে হবে। নগদে গ্রহণ করা জামানতের অর্থ রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসার সরকারি খাতে জমা দেবেন। জামানতের বাইরে কোনো অতিরিক্ত অর্থ গ্রহণ বা প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল
পরিপত্রে আরও বলা হয়, তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম (ফরম-১) সংগ্রহ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করা যাবে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থী নিজে অথবা তার প্রস্তাবকারী কিংবা সমর্থনকারী মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

Nagad

প্রস্তাবকারী ও সমর্থনকারীর যোগ্যতা
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার যে কোনো ভোটার যোগ্য প্রার্থীকে প্রস্তাব বা সমর্থন করতে পারবেন। তবে একজন ভোটার একাধিক মনোনয়নপত্রে প্রস্তাবকারী বা সমর্থনকারী হিসেবে স্বাক্ষর করতে পারবেন না।

রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন
রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে দলীয় প্যাডে সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর স্বাক্ষরিত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। কোনো নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থী মনোনয়ন পেলে আগামী ২০ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে চূড়ান্ত প্রার্থীর নাম লিখিতভাবে রিটার্নিং অফিসারকে জানাতে হবে।

ইসি জানিয়েছে, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক পাবেন। প্রতীক বরাদ্দ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তী পরিপত্রে জানানো হবে।