বিকেলে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি
দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এ অভিভাষণ অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, ওই অনুষ্ঠানে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা অংশ নেবেন। এটি একটি গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত ২৭ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল।
২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি একই বছরের ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. সৈয়দ রেফাত আহমেদ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে প্রথম শ্রেণিতে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করেছেন।
তিনি ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পান।
ড. সৈয়দ রেফাত আহমেদ প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এবং ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদের সন্তান। ড. সুফিয়া আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম জাতীয় নারী অধ্যাপক।

