সিঙ্গাপুরে শরিফ ওসমান হাদির সব পরীক্ষা সম্পন্ন, রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৫ অপরাহন, december ১৭, ২০২৫

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির প্রয়োজনীয় সব শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এসব পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, রিপোর্ট হাতে পাওয়ার পরই বিশেষজ্ঞ চিকিৎসকরা ওসমান হাদির পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী চিকিৎসার বিস্তারিত রোডম্যাপ বা কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন।

এর আগে, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির আগেই চিকিৎসার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন ছিল। ফলে পৌঁছানোর পরপরই তাকে ভর্তি করে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়। বর্তমানে হাদির সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন তার ভাই ওমর বিন হাদি এবং রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।

সোমবার দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার পরিপ্রেক্ষিতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েরদুর রহমান এবং মেডিকেল বোর্ডের জরুরি কনফারেন্সের মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শরিফ ওসমান হাদির চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হচ্ছে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

Nagad