চুক্তির পর উভিরা ছাড়ছে রুয়ান্ডা-সমর্থিত এম-২৩ বাহিনী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্, december ১৮, ২০২৫

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর উভিরা থেকে নিজেদের যোদ্ধা সরিয়ে নিতে শুরু করেছে সশস্ত্র সংগঠন এম-২৩। শহরটি বুরুন্ডি সীমান্তসংলগ্ন এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর বার্তা সংস্থা এএফপির।

চলতি বছরের শুরুতে ডিআর কঙ্গোর প্রধান শহর গোমা ও বুকাভু দখলের পর গত বুধবার রুয়ান্ডা-সমর্থিত এম-২৩ বাহিনী উভিরা শহরের নিয়ন্ত্রণ নেয়। তবে কঙ্গো ও রুয়ান্ডা সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্যোগে স্বাক্ষরিত শান্তি চুক্তির কয়েক দিনের মধ্যেই শহরটি দখল করায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র এম-২৩ সংগঠনের ওপর ক্ষোভ প্রকাশ করে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার (১৭ ডিসেম্বর) এম-২৩-এর সামরিক মুখপাত্র উইলি নাগোমা উভিরা থেকে যোদ্ধা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘আজ বিকেল থেকে আমাদের সৈন্যরা উভিরা শহর ছেড়ে যেতে শুরু করেছে।’

স্থানীয় সূত্র ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, এম-২৩-এর সামরিক যান ও যোদ্ধারা শহর ছেড়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। উভিরার এক বাসিন্দা এএফপিকে ফোনে বলেন, “আমি যখন কথা বলছি, তখন এম-২৩-এর সামরিক যানগুলো শহর ছেড়ে উত্তরের দিকে যাচ্ছে। সম্ভবত তারা লুভুঙ্গি এলাকায় অবস্থান নেবে।”

উভিরা শহর দখলের পর এম-২৩ বাহিনী বুরুন্ডি সীমান্তের নিয়ন্ত্রণ নেয়, যার ফলে ডিআর কঙ্গোর জন্য প্রতিবেশী দেশ থেকে সম্ভাব্য সামরিক সহায়তার পথ কার্যত বন্ধ হয়ে যায়।

এদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই রুয়ান্ডার বিরুদ্ধে এম-২৩ সংগঠনকে সমর্থন দেওয়ার অভিযোগ করে আসছে। যদিও রুয়ান্ডা সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

Nagad

উভিরা থেকে এম-২৩ বাহিনীর এই প্রত্যাহার কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান সংঘাত পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।