সিসিইউতে খালেদা জিয়া, ছোট চিকিৎসা প্রক্রিয়া সফল বলে জানালেন ডা. জাহিদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১৪ অপরাহন, december ১৯, ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শরীরে একটি ছোট চিকিৎসা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি জানান, গত ২৩ নভেম্বর থেকে টানা প্রায় এক মাস ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দেশবাসীর দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানিতে গত এক মাসের তুলনায় তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। শুক্রবার যে ছোট চিকিৎসা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, তা তিনি ভালোভাবেই সহ্য করেছেন এবং এটি সফল হয়েছে।

খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে ডা. জাহিদ হোসেন বলেন, তিনি এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন, যেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) সব ধরনের সুবিধা রয়েছে। সাধারণভাবে বলা যায়, তিনি আইসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ চিকিৎসা প্রক্রিয়া অব্যাহত রাখতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, ‘আজ যে চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেটি সফল হওয়াই প্রমাণ করে যে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।’

Nagad