বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই বিপ্লবী শহীদ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি।
আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে দাফনের আগে হাদিকে শেষবারের মতো বিদায় জানানো হয়। এ সময় পরিবার-স্বজন, সহযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ কান্নায় ভেঙে পড়েন। শোকাবহ পরিবেশে সম্পন্ন হয় দাফনকার্য।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শহীদ ওসমান বিন হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আনা হয়। দুপুর আড়াইটার দিকে জানাজা শেষে লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়।
এরও আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়। শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন।
গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণার সময় শরীফ ওসমান বিন হাদিকে খুব কাছ থেকে গুলি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা-এমন অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সে সময় তিনি একটি রিকশায় যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে নেওয়া হয়।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ ওসমান হাদির সমাহিত হওয়াকে অনেকেই জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে বিদ্রোহী কবির আদর্শের প্রতীকী মিলন হিসেবে দেখছেন।

