এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, আশঙ্কাজনক অবস্থা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩১ অপরাহন, december ২২, ২০২৫

রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে প্রকাশ্যে গুলি করার ঘটনা ঘটেছে।

এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

পোস্টে তিনি বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন।’

তবে তাৎক্ষণিকভাবে গুলির স্থান, সময় কিংবা হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Nagad

পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

হাদির মৃত্যুর পর দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। পরবর্তীতে তার মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির নিকটে দাফন করা হয়। এনসিপি নেতাকে গুলির সাম্প্রতিক ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।