চার ঘণ্টায় ৫ লাখ ২৬ হাজার টাকা সহায়তা পেলেন তাসনিম জারা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্, december ২৩, ২০২৫

ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

মাত্র চার ঘণ্টায় ৫ লাখ ২৬ হাজার টাকা নির্বাচন সহায়তা পেয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

সোমবার (২২ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘চার ঘণ্টা আগে আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছিলাম। বলেছিলাম-আমরা যদি কালো টাকার ঊর্ধ্বে উঠে একটি নতুন ধারার রাজনীতি করতে চাই, তবে সেই শক্তির উৎস হতে হবে আপনাদের মতো সাধারণ মানুষকে। এরপর আপনারা পাঁচ লাখ ২৬ হাজার টাকা পাঠিয়েছেন।’

তিনি জানান, সংগৃহীত অর্থের পরিমাণের চেয়েও অনুদানের ধরন তাকে বেশি অনুপ্রাণিত করেছে। অধিকাংশ অনুদান এসেছে খুব ছোট অঙ্কে—৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা। অনেকেই অনুদানের সঙ্গে ছোট ছোট বার্তা পাঠিয়েছেন। একজন লিখেছেন, ‘আমি স্টুডেন্ট। সামর্থ্য অনুযায়ী দিলাম।’

পোস্টে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এরই মধ্যে পাঁচ লাখ ২৬ হাজার টাকার মাইলফলক স্পর্শ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ হলেই তহবিল সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হবে বলে জানান তিনি।

তাসনিম জারা বলেন, অর্থ সংগ্রহ ও ব্যয়ের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে। সে লক্ষ্যে তিনি দুটি অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেগুলো শূন্য ব্যালেন্স থেকে শুরু করা হয়েছে। নির্বাচনী ব্যয়ের পূর্ণ হিসাব পরবর্তীতে জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

Nagad