ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন। নয়াদিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর সামনে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটেই এই তলব করা হয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ হাইকমিশন, উপহাইকমিশন, সহকারী হাইকমিশন ও ভিসা সেবাকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সম্প্রতি ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেবাকেন্দ্রগুলোকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত কয়েক দিনে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশি মিশনের সামনে একাধিক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কোথাও কোথাও বিক্ষোভকারীরা ভিসা সেবাকেন্দ্রের কার্যক্রমে বাধা সৃষ্টি করে।
এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সাময়িকভাবে কনস্যুলার ও ভিসা সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারেও ভিসা সেবা বন্ধ রাখা হয়।
এর আগে দিল্লির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য আসে। পাশাপাশি চলতি মাসের শুরুতে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও ঘটে, যা কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে।
এর আগেও বিভিন্ন ইস্যুতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা এখন দুই দেশের কূটনৈতিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।

