দুই গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ২৮

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫৮ অপরাহন, december ২৩, ২০২৫

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ‘ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ডিএমপি জানায়, এ ঘটনায় গতকাল পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট ৯ জনকে এবং তেজগাঁও থানা পুলিশ আলাদাভাবে ২ জনকে গ্রেপ্তার করে।

নতুন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম (২১), মো. ফয়সাল (২৪), ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।

ডিবি সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে কতিপয় উচ্ছৃঙ্খল জনতা হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করে ডিবি। পরবর্তী সময়ে ধারাবাহিক অভিযান চালিয়ে এ পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Nagad