আজ জিয়ার সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
দলীয় সূত্র জানায়, জুমার নামাজের পর তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করবেন। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কর্মসূচির কথা জানান। একই সঙ্গে তিনি তারেক রহমানের আগামী শনিবারের (২৭ ডিসেম্বর) কর্মসূচিও তুলে ধরেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি ভোটার হওয়ার প্রক্রিয়ায় অংশ নেবেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করবেন।
তবে তারেক রহমান নির্বাচন কমিশনে নাকি সংশ্লিষ্ট থানার নির্বাচন অফিসে গিয়ে ভোটার হবেন—সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তারেক রহমান কখন এবং কোথায় ভোটার হবেন, এ বিষয়ে কমিশনের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে আততায়ীর গুলিতে হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়। অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে আহত অনেক ব্যক্তি এখনও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের খোঁজ নিতেই হাসপাতাল পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।

