আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও শহীদ ওসমান হাদির সহচর আবদুল্লাহ আল জাবের বলেছেন, ‘আমি যদি চলেও যাই, আপনারা দয়া করে ইনসাফের এই লড়াই থামাবেন না। আশা করি, আমি চলে গেলেও আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন।’
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে চলমান আন্দোলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জাবের বলেন, আন্দোলনস্থলে অনেকেই আসবেন, অনেকেই কথা বলতে চাইবেন। তবে তার বক্তব্য ছাড়া অন্য কারও বক্তব্য যেন ইনকিলাব মঞ্চের অফিসিয়াল বক্তব্য হিসেবে বিবেচনা না করা হয়।
তিনি বলেন, ‘আমার কথা ছাড়া অন্য কারও বক্তব্য ইনকিলাব মঞ্চের বক্তব্য নয়। এখানে অনেকেই নানা কথা বলবে, উসকানি দেওয়ার চেষ্টা করবে। সে কারণে বিষয়টি পরিষ্কার করে বলতে চাই।’
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে উপদেষ্টাদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।
তার ভাষ্য, ‘জুলাই গণঅভ্যুত্থানে কয়জন উপদেষ্টার কী অবদান ছিল আমরা জানি। দুই-তিন জন ছাড়া কারও উল্লেখযোগ্য কোনো অবদান নেই। অথচ এখন সবাই সচিবালয়ে বসে চেয়ারে বসে আছে।’
উল্লেখ্য, শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগসহ বিভিন্ন স্থানে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ।

