মিডিয়া ছাড়লেন শিশুশিল্পী সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না
শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়া অঙ্গন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু অভিনয় নয়, ভবিষ্যতে প্রকাশ্যে মুখও দেখাবেন না বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে নেকাব পরা শুরু করেছেন লুবাবা।
লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এটি লুবাবার নিজস্ব উপলব্ধি থেকে নেওয়া সিদ্ধান্ত। তিনি বলেন, ‘ও আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না বলেই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় মিডিয়ায় কাজ করাও সম্ভব নয়।’
সংস্কৃতিমনা পরিবারে জন্ম লুবাবার। তার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। পরবর্তীতে শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিং করে অল্প সময়েই দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠে সে।
তবে বর্তমানে সেই পথ থেকে পুরোপুরি সরে আসার সিদ্ধান্ত নিয়েছে লুবাবা। জেমি জানান, ধর্মীয় বই পড়তে পড়তেই তার মধ্যে এই পরিবর্তন আসে। কোরআন খতম দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়ন করেছে লুবাবা। এসব অধ্যয়ন থেকেই নিজের জীবনধারা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সে।
মিডিয়ায় নিয়মিত কাজ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রচারণামূলক কার্যক্রম নেকাব পরেই করতে পারে বলে জানান তার মা। এছাড়া আগামী রমজানে ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে লুবাবার।

