বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিসসংলগ্ন তাদের বাড়িতে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন-বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন প্রায় ছয় মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় আরও তিনজন গুরুতর আহত হন। তাদের অবস্থার অবনতি হলে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পরিবার কিংবা স্থানীয়রা। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে বিশেষ তদন্ত শুরু করা হয়েছে।’

