নির্বাচনকে ঘিরে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের তথ্য স্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহন, december ২৯, ২০২৫

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এসব অস্ত্র নিয়মিতভাবে উদ্ধার করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দু-চারটি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলব না। ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিনই একটি-দুটি করে অস্ত্র উদ্ধার করা হচ্ছে। কোথাও কোনো ছাড় দেওয়া হচ্ছে না।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

মেঘালয় পুলিশ ও ডিএমপির বক্তব্যের ভিন্নতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ডিবি থেকে দেওয়া সর্বশেষ বক্তব্য দেখলে বিষয়টি পরিষ্কার হবে।

কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মূল অভিযুক্ত পলাতক থাকলেও তার একজন সহযোগীকে আটক করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা আছে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শক্তি সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে সবার সহযোগিতা থাকলে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে।’ বর্তমানে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি।

Nagad

এর আগে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ৭২ জন সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করেন। পাশাপাশি বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।