মান্নার নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১২ অপরাহন, december ২৯, ২০২৫

ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে তাকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বগুড়া-২ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে তার আর কোনো আইনি বাধা রইল না।

সোমবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বেলা ১১টার দিকে শুনানি শেষ হয় বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

এর আগে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার এবং সিআইবি প্রতিবেদন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন মাহমুদুর রহমান মান্না। তবে গত বুধবার হাইকোর্ট ওই রিট খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন।

রোববার (২৮ ডিসেম্বর) চেম্বার জজ আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হলেও সেদিন কোনো আদেশ দেওয়া হয়নি। পরবর্তী শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়। সোমবার শুনানি শেষে আদালত মান্নার পক্ষে আদেশ দেন।

উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা থেকে নেওয়া ঋণ খেলাপের অভিযোগে গত ১০ ডিসেম্বর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডকে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ের জন্য ‘কলব্যাক নোটিশ’ পাঠানো হয়।

নোটিশটি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এ বি এম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ঠিকানায় পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়।

Nagad

আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডে মাহমুদুর রহমান মান্নার অংশীদারিত্ব ৫০ শতাংশ, অন্যদিকে এ বি এম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ২৫ শতাংশ এবং তার স্ত্রী ইসমত আরা লাইজুর ২৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।

চেম্বার আদালতের সর্বশেষ আদেশে ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশনা দেওয়ায় নির্বাচনে অংশগ্রহণে তার সামনে থাকা আইনি জটিলতার অবসান ঘটলো বলে জানিয়েছেন আইনজীবীরা।