মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪১ অপরাহন, december ২৯, ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি তার মায়ের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।

দীর্ঘ দেড়যুগ পর আজ প্রথমবারের মতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি কার্যালয়ের সামনে পৌঁছালেও নেতাকর্মীদের ভিড়ের কারণে বিকেল ৪টা পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেননি।

তারেক রহমান পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। তার আগমন উপলক্ষে দলীয় কার্যালয় বর্ণিল সাজে সাজানো হয়।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির হাজারো নেতাকর্মী জড়ো হন। এ সময় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।

নিরাপত্তার স্বার্থে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়। সিএসএফ সদস্যরা পুরো কার্যালয় ঘিরে রাখেন এবং নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দেখা যায়। এ ছাড়া র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে কার্যালয় ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।

Nagad

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রোববার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। সোমবার তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের সাংগঠনিক কাজে অংশ নেন।