খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ অপরাহন, december ৩০, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নয়, বরং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ঢাকায় আসছেন। তিনি এ সফরে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব করবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পোস্টে তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার ঢাকায় পৌঁছাবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

এর আগে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ইসহাক দার নিজেই বাংলাদেশে আসবেন। পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে পরবর্তীতে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে। তার জানাজায় অংশ নিতে একাধিক দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ঢাকায় আসার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

Nagad