রোজায় বন্ধ সব কলেজ, ২০২৬ শিক্ষাবর্ষে বার্ষিক ছুটি ৭২ দিন
দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসজুড়ে সব কলেজ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব মো. আব্দুল কুদ্দুস।
প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। এ ছুটি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে, চলবে ২৫ মার্চ পর্যন্ত।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা উপলক্ষে আরও ১০ দিনের ছুটি রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষাপঞ্জিতে ১১ দিনের শীতকালীন অবকাশ অন্তর্ভুক্ত রয়েছে।
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষাপঞ্জি
একই প্রজ্ঞাপনে ২০২৬ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরুর সময়সূচি এবং পরীক্ষার রুটিনও প্রকাশ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে ১৫ জুন। ভর্তি প্রক্রিয়া শেষে ১ জুলাই থেকে ক্লাস শুরু করতে হবে। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন। এসব পরীক্ষার ফল ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, দ্বাদশ শ্রেণি তথা এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এবং এর ফলাফল মার্চ মাসের মধ্যেই প্রকাশ করতে হবে।

