তারেক রহমানের প্রেস সচিব হলেন সালেহ শিবলী

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:২৩ অপরাহন, জানুয়রী ৩, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হিসেবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলীকে প্রেস সচিব এবং সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে একান্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার করতে তারেক রহমানের দপ্তরে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি দৈনিক মানবজমিন, বেসরকারি বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে ও চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি গবেষণামূলক লেখালেখিতেও সক্রিয় সালেহ শিবলী। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন বিষয়ে জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত ম্যাগাজিন এশিয়ান ব্রিজ-এ তাঁর একাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবাস জীবনে তিনি লন্ডনভিত্তিক বাংলাভাষী টেলিভিশন চ্যানেল এস এ-এ নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি গণমাধ্যম ও প্রশাসন সম্পর্কিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে নন-রেসিডেন্ট ফেলো হিসেবে যুক্ত রয়েছেন।

Nagad

বিএনপি সূত্র জানায়, নতুন এই নিয়োগের মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।