আইসিসিতে চিঠি দেবে বিসিবি, বিসিসিআইয়ের কাছে ব্যাখ্যা চাওয়া হবে
আইপিএলের নিলামে দল পেলেও নজিরবিহীনভাবে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি ভালোভাবে নেয়নি বোর্ড।
শনিবার (৩ জানুয়ারি) রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের অংশগ্রহণসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বোর্ড সূত্রে জানা গেছে, এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে বিসিবি।
বিসিবির একাধিক পরিচালক জাগো নিউজকে জানিয়েছেন, মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ভারত সফরে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সংবাদকর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ দলের ২৫ জানুয়ারি ভারতে পৌঁছানোর কথা রয়েছে। তবে সাম্প্রতিক ঘটনার পর নিরাপত্তা নিশ্চিতে আইসিসিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যা রোববারই পাঠানো হবে বলে জানা গেছে।
এছাড়া কোনো ফ্র্যাঞ্চাইজি বা বোর্ড রাজনৈতিক কারণে কোনো বিদেশি খেলোয়াড়কে বাদ দেওয়ার এখতিয়ার রাখে কি না, সে বিষয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে লিখিত ব্যাখ্যা চাইবে বিসিবি। ওই চিঠির অনুলিপি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকেও (বিসিসিআই) পাঠানো হবে।
এদিকে, বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ সরকার। এ বিষয়ে রোববার সরকারের সঙ্গে বৈঠকে বসবে বিসিবি। সেখানে প্রয়োজনে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে জানা গেছে।

