ক্ষমতায় এলে ব্যবসায় সহায়ক পরিবেশ সৃষ্টির আশ্বাস তারেক রহমানের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অর্থনৈতিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
রোববার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ, শিল্প খাতের সংকট ও বেকারত্ব বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে তারেক রহমান ব্যবসায়ীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষমতায় গেলে সেসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠক শেষে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ব্যবসা ও শিল্প খাতে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। শিল্প টিকিয়ে রাখা, কর্মসংস্থান ধরে রাখা ও বাড়ানো—এসব বিষয় গুরুত্ব পেয়েছে। আমরা বলেছি, যে সরকারই আসুক না কেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। তারেক রহমান আমাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেছেন এবং আন্তরিকতার পরিচয় দিয়েছেন।
বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, দেশের অর্থনীতি ঠিক করতে হলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মসংস্থান সৃষ্টি। বর্তমানে বেকারত্ব বাড়ছে, অনেক শিল্প প্রতিষ্ঠান কার্যক্রম কমিয়ে দিচ্ছে। এসব শিল্প কীভাবে পুনরুজ্জীবিত করা যায়, তা নিয়ে আমরা তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছি।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন সবচেয়ে জরুরি। মব কালচার থেকে বেরিয়ে না এলে শুধু ব্যবসা নয়, সাধারণ মানুষের জীবনযাপনও ব্যাহত হবে—এ বিষয়টি আমরা বৈঠকে স্পষ্টভাবে তুলে ধরেছি।
তারেক রহমানের আশ্বাস প্রসঙ্গে মীর নাসির হোসেন বলেন, তার বক্তব্য ও ব্যডি ল্যাংগুয়েজে আমরা ইতিবাচক মনোভাব পেয়েছি। তিনি ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে।
বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসির সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজেএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, এমসিসিআই সভাপতি কামরান টি রহমান, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিএসআরএম সভাপতি আলী হুসাইন আকবর আলীসহ বিভিন্ন শিল্প ও ব্যবসায় সংগঠনের নেতারা।
এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, স্কয়ার গ্রুপের তপন চৌধুরী, ট্রান্সকম গ্রুপের সিমিন রহমান, মেঘনা গ্রুপের মোস্তফা কামাল, সিকম গ্রুপের আমিরুল হক, পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার টিটু, ইউসিবিএল চেয়ারম্যান শরীফ জহিরসহ দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

