বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ পাওয়া যায়নি। এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। এ প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও অবনতির দিকে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। গত বছর থেকেই দুই বোর্ডের সম্পর্কের টানাপোড়েন চলছিল, যা সাম্প্রতিক এই ঘটনায় প্রকাশ্যে আসে।
এর ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোববার অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ই-মেইল পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদনও করা হয়েছে।
বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

