স্বাধীনতায় অবিশ্বাসীদের চক্রান্তে পা দেবে না বিএনপি: মির্জা আব্বাস
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এসব চক্রান্তে বিএনপি কখনোই পা দেবে না।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোকসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। বিএনপি তাদের কোনো ষড়যন্ত্রে পা দেবে না।’
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত। ‘আজ আমরা কথা বলতে পারছি, নির্বাচন করতে পারছি—সবই বেগম জিয়ার ত্যাগের ফল। তিনি নিজের জীবন উৎসর্গ করে দেশকে রক্ষা করেছেন।’
সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, বিএনপি কোনো কথা বললেই সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। বাংলাদেশ ব্যাংকে ১১টি কার্ড নিয়ে নিয়ম মেনেই যাওয়া হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন শুধু তার এলাকাতেই নির্বাচন হচ্ছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় শুধু লাইক ও শেয়ার দিয়ে দায়িত্ব শেষ করবেন না। লিখে জবাব দিতে হবে।’
একটি দল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অর্থ ব্যয় করছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তাদের লক্ষ্য তাকে রাজনৈতিকভাবে ব্যর্থ করা।
এ সময় ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থীর বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একজন অপরিপক্ক মানুষ সংসদে গেলে দেশের জন্য কী হবে, তা আল্লাহই ভালো জানেন।’

