প্রযুক্তিশোতে চার নতুন ওলেড গেমিং মনিটর উন্মোচন করল গিগাবাইট
বিশ্বখ্যাত কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট সিইএস ২০২৬-এ চারটি নতুন ওলেড গেমিং মনিটর উন্মোচন করেছে। উন্নত ডিসপ্লে টিউনিং প্রযুক্তির মাধ্যমে এই মনিটরগুলোতে এইচডিআর ও এসডিআর-উভয় কনটেন্টেই উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে। সর্বোচ্চ মানের ছবি, নিখুঁত ডিটেইল নিয়ন্ত্রণ এবং দ্রুত ইন-গেম পারফরম্যান্সের জন্য গিগাবাইটের নিজস্ব ট্যাকটিক্যাল ফিচার যুক্ত করা হয়েছে এসব ডিসপ্লেতে।
এইচডিআর পারফরম্যান্স উন্নত করতে গিগাবাইট যুক্ত করেছে বিশেষভাবে টিউন করা এইচডিআর পিকচার মোড- এইচডিআর মুভি, এইচডিআর গেম ও এইচডিআর ভিডিড ওলেড মনিটরে এই মোডে ছবির অতিরিক্ত অন্ধকার দেখানোর যে সাধারণ সমস্যা থাকে, তা সমাধানে ব্যবহার করা হয়েছে হাইপারনিটস প্রযুক্তি। গিগাবাইটের নিজস্ব অ্যালগরিদমের মাধ্যমে ইওটিএফ কার্ভ পুনর্গঠন করে হাইপারনিটস উজ্জ্বলতা সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম, তাও গুরুত্বপূর্ণ হাইলাইট ডিটেইল অক্ষুণ্ন রেখে। ব্যবহারকারীরা হাইপারনিটস হাই বা মিডিয়াম মোড বেছে নিতে পারবেন পরিবেশ অনুযায়ী।
দৈনন্দিন এসডিআর ব্যবহারের জন্য গিগাবাইট এনেছে এআই পিকচার মোড। বৃহৎ ডেটাসেটের ওপর প্রশিক্ষিত এই প্রযুক্তি ব্যবহারকারীর কার্যকলাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ডিসপ্লে সেটিংস নির্বাচন করে। কাজের সময় চোখের আরাম নিশ্চিত করতে উজ্জ্বলতা ও নীল আলো কমানো, সিনেমা দেখার সময় কনট্রাস্ট ও গামা সমন্বয়, কিংবা এফপিএস গেমে উন্নত ভিজিবিলিটির জন্য এআই ব্লাক ইকোয়ালাইজার -সবকিছুই রিয়েল টাইমে স্মুথভাবে কার্যকর হয়।
পারফরম্যান্সের দিক থেকে গিগাবাইটের ট্যাকটিক্যাল ফিচারগুলো এই মনিটরগুলোর বড় শক্তি। টেননিক্যাল সুইচ ২.০ -এর মাধ্যমে এক ক্লিকে রেজ্যুলেশন ও অ্যাসপেক্ট রেশিও (যেমন ৪:৩ বা ৫:৪) পরিবর্তন করা যাবে। পাশাপাশি আলট্রা ক্লিয়ার প্রযুক্তি দ্রুতগতির গেম ও ভিডিওতে মোশন ব্লার কমিয়ে আরও শার্প ভিজ্যুয়াল নিশ্চিত করে।
সিইএস ২০২৬-এ প্রদর্শিত মনিটরগুলোর মধ্যে রয়েছে আল্ট্রা-ওয়াইড কিউডি-ওলেড এমও৩৪ডব্লিউকিউসি৩৬ এবং কোরকে কিউডি-ওলেড এমও৩২ইউ২৪। এছাড় এমও২৭কিউ২৮জিআর মডেলে ব্যবহৃত হয়েছে রিয়েলব্লাক গ্লোসি চতুর্থ প্রজন্মের ডব্লিউওএলইডি প্রযুক্তি, যা উজ্জ্বল পরিবেশেও উন্নত ব্ল্যাক পারফরম্যান্স দেয় এবং ইউএল সার্টিফায়েড। পাশাপাশি জনপ্রিয় ২৭ ইঞ্চি কিউডি-ওএলইডি এমও২৭কিউ২এ মনিটরটি এবার নতুন সাদা রঙে- এমও২৭কিউ২এ আইস নামে উন্মোচিত হয়েছে।

