পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা জানালেন ইসি
দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তবে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদমাধ্যমের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।
ইসি মাছউদ বলেন, ‘প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা করা হচ্ছে।’
প্রবাসীদের ক্ষেত্রে পরিবর্তন না আনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘প্রবাসী ভোটারদের জন্য ব্যালট পাঠানোর প্রক্রিয়া সময়সাপেক্ষ। এ কারণে সেখানে নতুন করে কোনো পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। ফলে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট অপরিবর্তিত থাকছে।’
তিনি আরও জানান, দেশের ভেতরে ব্যবহারের জন্য পোস্টাল ব্যালট এখনো ছাপানো হয়নি। তাই সেখানে প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রয়েছে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে অনলাইনে নিবন্ধনের পর প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার। এর মধ্যে প্রায় আট লাখ প্রবাসী বাংলাদেশি। এ ছাড়া দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ৭ লাখ ৬১ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।
তবে নির্বাচন বিশ্লেষকদের মতে, একই ঠিকানায় বিপুল সংখ্যক ব্যালট পাঠানো বা ব্যালট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার অভিযোগ ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

