হাসনাতের আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০০ অপরাহন, জানুয়রী ১৭, ২০২৬

হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী। সংগৃহীত ছবি

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগের বিষয়ে শুনানি শেষে শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে একই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ঋণখেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন। পাল্টা হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। তবে শুনানি শেষে ইসি হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল রেখে মঞ্জুরুল আহসান মুন্সির আবেদন নামঞ্জুর করে।

ইসি সূত্র জানায়, মঞ্জুরুল আহসান মুন্সী বর্তমানে ঋণখেলাপি হিসেবে বিবেচিত হওয়ায় আইন অনুযায়ী তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এ বিষয়ে গত বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।

এদিকে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী বিভূতি তরফদার জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। রুল নিষ্পত্তি হলে তিনি ঋণখেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেন।