সরকারের সব সুবিধা ফ্যামিলি কার্ডের আওতায় আনতে চাই: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কল্যাণে সরকারের নানা প্রকল্প থাকলেও সেগুলো এখনো সংগঠিত নয়। এসব সুবিধা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক জায়গায় আনার পরিকল্পনা রয়েছে বিএনপির।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অনুষ্ঠিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, দেশের জনসংখ্যা বাড়লেও উৎপাদন সেই হারে বাড়ছে না। উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে একাধিক মধ্যস্বত্বভোগী থাকাটা স্বাভাবিক হলেও অনৈতিক মুনাফা অর্জনের প্রবণতা ঠেকাতে হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণেও অনেক সময় দ্রব্যমূল্য বাড়ে। কৃষকদের প্রণোদনার পাশাপাশি এসব বিষয়েও নজর দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষা খাত প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রাথমিক শিক্ষায় সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্ত করতে হবে এবং শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, কারণ শিশুদের মানসিক গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শিশুদের কাছে পড়াশোনাকে আনন্দময় করে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। শুধু একাডেমিক শিক্ষা নয়, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিও পাঠ্যক্রমের অংশ করা হবে। খেলাধুলাতেও উত্তীর্ণ হতে হবে—এমন ব্যবস্থা চালুর কথা জানান তিনি। এর মাধ্যমে শিশুদের অতিরিক্ত ইন্টারনেট নির্ভরতা কমানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তারেক রহমান।
নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, চাকরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা ঢাকা-কেন্দ্রিক হওয়ায় ট্রাফিক জট বাড়ছে। এ সমস্যা সমাধানে ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ থাকবে।
গণপরিবহন নিয়ে তারেক রহমান বলেন, মেট্রোরেল ব্যয়বহুল এবং জায়গা বেশি নেয়। এক্ষেত্রে মনোরেল তুলনামূলকভাবে কার্যকর, কারণ এটি ছোট বগিতে নির্মাণ করা যায় এবং ঢাকার বিভিন্ন এলাকায় সহজে সংযুক্ত করা সম্ভব।
প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, অনেক তরুণ অদক্ষ অবস্থায় বিদেশে যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। এতে ব্যক্তিগত আয় বাড়বে এবং দেশে রেমিট্যান্স প্রবাহও বাড়বে। পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রবাসীদের জন্য প্রণোদনা ব্যবস্থা রাখার কথাও জানান তিনি।
তারেক রহমান বলেন, যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের আগে নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতি রোধ করতে হবে। এসব নিশ্চিত করা গেলে দেশের অন্যান্য সমস্যার সমাধানও সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।

