বাড্ডায় দুই বাসের চাপায় প্রাণ গেল বেসরকারি ব্যাংক কর্মীর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্, জানুয়রী ২৮, ২০২৬

রাজধানীর বাড্ডার লিংক রোডে দুই যাত্রীবাহী বাসের চাপায় আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক ব্যাংক কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কাশেম আজাদ একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, অফিস শেষে সন্ধ্যায় বাড্ডার লিংক রোড দিয়ে বাসায় ফেরার সময় রাস্তা পারাপারের চেষ্টা করেন আবুল কাশেম। এ সময় রাইদা ও ভিক্টর পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মাঝখানে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাড্ডা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Nagad