প্রশাসনিক রদবদলে বিএনপির প্রভাব, কাজ করছে কমিশন: এনসিপি মুখপাত্র
রাজধানীর আগারগাঁওয়ে সোমবার অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ১১ দলীয় জোটের বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, প্রশাসনিক রদবদলের কিছু সিদ্ধান্ত বিএনপির সুপারিশের ভিত্তিতে নেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রশাসনিক রদবদল স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় হওয়া উচিত ছিল, কিন্তু কিছু অফিসার নির্দিষ্ট দলের প্রার্থীর প্রস্তাবের সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা হচ্ছে।
বৈঠকের পর আসিফ মাহমুদ বলেন, ‘প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। কিছু অফিসার ভোটারদের ওপর চাপ প্রয়োগ করছে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করছে। আমাদের প্রার্থীরা বিভিন্ন অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন, কিন্তু এখনও কোনো রিপ্লাই মেলেনি।’
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে, তারা পরিস্থিতি পুনর্বিবেচনা করছে। এবারের নির্বাচন ভিন্ন ধরনের হওয়ায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করবে।
নির্বাচনকালীন প্রশাসনিক স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে এনসিপি ইতোমধ্যে কিছু স্পেসিফিক অফিসার অপসারণ ও পরিবর্তনের জন্য কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে।